
রংপুরের দু’টি উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পদধারী সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাথর ও বাঁশের লাঠি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাউনিয়ার চেতনার মোড় ও গঙ্গাচড়ার বড়বিল ও খলেয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে উপজেলার চেতনার মোড় স্মৃতিসৌধ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচজনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন— হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৪২), হারাগাছ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহ আলম (৩৫), হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রাকিব (২৬), যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান (৪২) ও হেকমত আলী (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে ২৫টি বাঁশের লাঠি ও রেললাইনে ব্যবহৃত ২৩০টি ছোট-বড় পাথরের টুকরো জব্দ করা হয়।
অন্যদিকে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বড়বিল ও খলেয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বড়বিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আতাউ রহমান আতা (৪৫)। তিনি ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ও মনিরাম চৌধুরীপাড়া এলাকার মরহুম আজগর আলীর ছেলে।
এছাড়া খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া উত্তর বিড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন যুবলীগের সদস্য এনছান আলীকে (৩৮)। তিনি ওই এলাকার মরহুম আফতাব উদ্দিনের ছেলে।
ওসি জানান, ওই দু’জনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের নাশকতার সাথে জড়িত।
রংপুর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে দেশে নাশকতা সৃষ্টি করে অরাজকতা তৈরি করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব যাচাই-বাছাই করা হচ্ছে। তাদেরকে আদালতে নেয়া হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে রংপুর রেঞ্জের আট জেলায় কুইক রেসপন্স টিমের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, পলাতক আসামি, চোর, ছিনতাইকারী, প্রতারক, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬৩ জনকে আটক করা হয়েছে।
এ সময় ৬৯৭ পিস ইয়াবা, ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিন বোতল মাদকদ্রব্যের সিরাপ ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল।
রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ জানান, অপরাধীদের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। তিনি যত বড় শক্তিশালীই হোক না কেন। এজন্য রেঞ্জজুড়ে পুলিশের অভিযান অব্যাহত আছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








