হাম, সিলেট, শিশু, মৃত্যু
হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন শিশু। সংগৃহীত

সিলেটে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০ হাম রোগী শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৯৩ জন।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

জানা গেছে, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী সাত মাস বয়সী তানিশা সুনামগঞ্জ সদর এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী দুই বছর বয়সী শিশু ঝুহি বেগম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০৭ জনে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২৫০, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৯৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪২, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, নর্থ ইস্ট হাসপাতালে দুই, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাত, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, আজমীরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন হাম রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৫৬৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮২, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৫, নর্থ ইস্ট মেডিক্যালে ১৬, পার্কভিউ মেডিক্যালে ২০, মাউন্ট এডোরা হাসপাতালে আট, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৮১, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৫, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ ও সুনামগঞ্জে ৭৭ জনের মৃত্যু হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১৭৭ জন।