
খাগড়াছড়িতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে উচ্চ ফলনশীল ও সুগন্ধি আমন ধানের নতুন জাত বিনা ধান-২৮ মাঠ দিবস ও শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) খাগড়াছড়ি সদরের কমলছড়ি কৃষি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিনা ধান-২৮-এর উদ্ভাবক ড. মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিনা ধান-২৮ উচ্চ ফলনশীল ও সুগন্ধিযুক্ত হওয়ায় কৃষকদের কাছে জাতটি জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধানের চাল চিনি গুঁড়া ও কালিজিরা চালের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এ চাল দিয়ে পোলাও, বিরিয়ানি ও খিচুড়িসহ বিভিন্ন সুস্বাদু খাবার রান্না করা যায়।
তারা বলেন, উৎপাদন খরচ তুলনামূলক কম এবং ফলন বেশি হওয়ায় এ জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। পাহাড়ি অঞ্চলে এ জাতের ধানের সম্ভাবনা কাজে লাগাতে কৃষকদের মধ্যে জাতটির সম্প্রসারণ করা প্রয়োজন।
স্থানীয় কৃষকরা জানান, ফলন ও গুণগত মানে সম্ভাবনাময় বিনা ধান-২৮ জাতটি পাহাড়ের কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, বিনার বিজ্ঞানী, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বিনা ধান-২৮-এর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং শস্য কর্তন কার্যক্রমে অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








