আক্কেলপুরে আ’লীগের ১৯ নেতাকর্মী কারাগারে
গ্রেফতার আসামিদেরকে আদালতের নির্দেশে কারাগারে নেয়া হয়। নয়া দিগন্ত

জয়পুরহাটের আক্কেলপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেফতার ১৯ আসামিকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আক্কেলপুর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে আক্কেলপুর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নয়টি মোটরসাইকেল ও আটটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আটক ব্যক্তিদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন পালিয়ে যান। এ সময় পুলিশ ১৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামিদের মধ্যে আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এছাড়া একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরী রয়েছে।