
সাভারে সকাল থেকে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া, ভাকুর্তা এবং আমিন বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
জানা গেছে, এসব এলাকায় অবস্থিত দি ড্রেস ওয়ার্ল্ড, অবনি টেক্সটাইল, ব্যবিলন গ্রুপ, ব্লু অ্যাপারেলস, আহসিয়ার ফ্যাশন, ডেকো এক্সেসরিজ, এজেআই গ্রুপ, একেএইচ গ্রুপ, ভারটেক্স ওয়্যার, আমান গ্রাফিক্স, টিন এইজ ফ্যাশন, গোল্ডেন স্টিচ, ডেলিকেট গার্মেন্টস, ব্যান্ডো ইকো এবং সিপি ফাইভ স্টার লিমিটেড, উলাইল ও সাভারের রেডি কলোনীর আল মুসলিম গ্রুপসহ সকল কারখানা খোলা রয়েছে।
শ্রমিকরা সকালে কর্মক্ষেত্রে যোগ দিলে পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক থাকে। পরবর্তীতে সাড়ে ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপ লিমিটেড ও জিন্স মেনু ফেকচারিং লিমিটেডের শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইল সড়ক অবরোধ করে রূপকথায় অ্যাপারেল নামক একটি ফ্যাক্টরি ভাঙচুর করেন।
পরে শ্রমিকরা সাড়ে ১০টার দিকে আবার সড়ক অবরোধের চেষ্টা করলে ও পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল ছুঁড়লে শ্রমিকরা ছাত্রবঙ্গ হয়ে যান। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
আজ মেক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড, পাইনিওর ও জিন্স মেনুফ্যাকচারিং লিমিটেড নামে তিনটি কারখানা ছুটি দেয়া হয়।
সাভার মডেল থানার ওসি মো: সাইফুল আলম জানান, কাজে যোগ দেয়ার পরে সকালে শান্ত থাকার পর, মাঝখানে পরিবেশ কিছুটা অশান্ত হয়ে ওঠে। বর্তমানে পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।
তিনি আরো জানান, কিছু কারখানা ছুটি দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








