গ্রাম্য সালিশে নারীকে জুতাপেটার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত 
বরখাস্ত হওয়া চেয়ারম্যান ফরিদ উদ্দিন। ছবি সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) বরখাস্ত হওয়া চেয়ারম্যান ফরিদ উদ্দিন গণমাধ্যমকে জানান, তিনি অনলাইনে বরখাস্তের চিঠি দেখেছেন এবং এ বিষয়ে জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

৮ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট গ্রাম্য সালিশে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করেন চেয়ারম্যান মো: ফরিদ উদ্দিন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

বরখাস্তের চিঠিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা এবং ৩৪(৪)(খ) ও (ঘ) উপধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়।