
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় সংঘর্ষের সময় দুই শ্রমিক আহত হয়েছেন। অসন্তোষ ছড়িয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৩০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শান্তিপূর্ণ কাজ বর্জন ও কর্মবিরতি
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন শ্রমিকরা। কিন্তু পরবর্তীতে শারমিন গ্রুপ-এর একটি ফ্লোর, এনভয়, স্টারলিং ক্রিয়েশন, স্টারলিং স্টাইল, দ্য রোজ এবং নেক্সট কালেকশনসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা হঠাৎ কাজ বন্ধ করে ভেতরে কর্মবিরতি শুরু করেন। এমন পরিস্থিতিতে উদ্ভূত পরিবেশ বিবেচনায় কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সড়কে বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ
ছুটি ঘোষণার পর শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশের অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করার চেষ্টা করেন এবং পরবর্তীতে জামগড়া ৬তলা এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশ শ্রমিকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে স্টারলিং স্টাইলস লিমিটেডের শ্রমিক আলমগীর হোসেন এবং রাজিয়া বেগম নামের এক নারী শ্রমিক আহত হন।
শ্রম আইনের ১৩(১) ধারায় নিউএইজ গ্রুপের কারখানা বন্ধ
চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নিউএইজ গ্রুপের অধীনস্থ আশুলিয়ায় অবস্থিত সব কারখানা আজ থেকে ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’-এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, ইউনিক, জিরাবো, জিরাবো পুকুরপাড় ও কাঠগড়াসহ বিভিন্ন এলাকার অন্তত ৩০টি শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও পুলিশের বক্তব্য
শিল্পাঞ্চলে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে বেশ কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবিসহ অতিরিক্ত পুলিশ সদস্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন।
পরিস্থিতি নিয়ে শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ জানান, ‘বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। পরে তাদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








