
কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে ২৪ জনকে আটক করা হয়।
এ দিন শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্পটে একযোগে অভিযান চালিয়ে কিশোরদের আড্ডা ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে তৎপরতা দেখায় পুলিশ। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রথমে কুষ্টিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। পরে লালন উদ্যান এলাকা থেকে আরো চারজনকে আটক করা হয়।
এরপর কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়, ডি-টাইপ কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সবশেষে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, তবে এসব স্থানে কাউকে আটক করতে পারেনি।
পুলিশ জানায়, সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্পটে কিশোরদের আড্ডা, বেপরোয়া চলাফেরা ও বিভিন্ন দ্বন্দ্ব-সঙ্ঘাতে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে কিশোরদের দূরে রাখা এবং নতুন করে কিশোর গ্যাং গড়ে ওঠা ঠেকাতেই এ অভিযান।
অভিযান শেষে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, সন্ধ্যার পর রাতে কিশোর গ্যাংয়ের কারণে বিভিন্ন অপরাধ সঙ্ঘটিত হচ্ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








