
খুলনা মহানগরীতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজি। পিটিআই মোড়ের চয়নিকা ফার্মেসির পর এবার চাঁদার দাবিতে বন্ধ করে দেয়া হয়েছে রূপসা স্ট্যান্ড রোডের ঐতিহ্যবাহী ‘মেসার্স মল্লিক ব্রাদার্স’ ফার্মেসি।
এর প্রতিবাদে ও সন্ত্রাসীদের হুমকিতে রূপসা ট্রাফিক মোড় এলাকার ১০ থেকে ১২টি ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ফলে জরুরি ওষুধ কিনতে না পেরে চরম দুর্ভোগ ও মারাত্মক নিরাপত্তাহীনতায় পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
আরো পড়ুন: রাজশাহীতে সার না পেয়ে মহাসড়ক অবরোধ কৃষকদের
সন্ত্রাসীদের হুমকিতে ওষুধের দোকান বন্ধ, ব্যবসায়ীদের আতঙ্ক
সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে রূপসা ট্রাফিক মোড়সংলগ্ন ওষুধের দোকানগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয় এক দোকানমালিক জানান, বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সিদ্ধান্তে তারা দোকান বন্ধ রেখেছেন। তবে আহসান আহমেদ রোডের ওষুধের দোকানগুলো স্বাভাবিকভাবেই খোলা রয়েছে।
অভিযোগ উঠেছে, খুলনা অঞ্চলের একটি কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসির কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানটি পুরোপুরি বন্ধ রাখা হয়। তবে সার্বিক বিষয়ে বক্তব্য জানতে ফার্মেসি কর্তৃপক্ষের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
দোকান বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিডিএস
বিসিডিএসের খুলনা জেলা শাখার আহ্বায়ক খান মাহাতাব আহমেদ বলেন, রূপসা ট্রাফিক মোড়ের কয়েকটি ওষুধের দোকান বন্ধ থাকার বিষয়টি তাঁরা জেনেছেন। তবে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ রাখার কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
তিনি বলেন, ‘নগরীতে যেভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, তাতে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। এ বিষয়ে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।’
পুলিশ যা বলছে
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, রোববার রাতে বিষয়টি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। সোমবার সকালে ফাঁড়ির ইনচার্জ সেখানে যান।
তিনি আরও জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্যরা ফার্মেসিটিতে চাঁদা দাবি করেছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








