কৃষকদের অবরোধ 
রাজশাহীতে সার না পেয়ে মহাসড়ক অবরোধ কৃষকদের। নয়া দিগন্ত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাহিদা অনুযায়ী ডিএপি সার না পাওয়ার অভিযোগে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক শত কৃষক। 

Advertisement

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার হাতনাবাদ এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর কৃষকেরা অবরোধ তুলে নেন।

আরো পড়ুন: আমার পরিবারের ওপর হামলার দায় নিতে হবে ওসিকে 

সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ ও অনিশ্চয়তা

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতনাবাদ এলাকায় বিসিআইসির সার ডিলার মেসার্স মানিক ট্রেডার্স এবং এর পাশেই বিএডিসির ডিলার মেসার্স মোশাররফ হোসেনের প্রতিষ্ঠান রয়েছে। সোমবার সকালে মানিক ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমান ১৫০ বস্তা ডিএপি সার বিক্রি করেন। বিকেলে পাশের মোশাররফ হোসেনের গুদামে থাকা আরো ১৫০ বস্তা ডিএপি সার বিক্রির কথা ছিল। তবে মজুতের তুলনায় উপস্থিত কৃষকের সংখ্যা অনেক বেশি হওয়ায় সবাই সার পাবেন কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়। এ অবস্থায় কৃষকেরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রশাসনের হস্তক্ষেপ ও প্রতিশ্রুতি

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা। তারা বিক্ষুব্ধ কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া ও চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দেন। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর কৃষকেরা সড়ক থেকে সরে দাঁড়ান।

ডিলারের দাবি ও রাজনৈতিক অভিযোগ

এদিকে এলাকায় সারের কোনো সঙ্কট নেই বলে দাবি করেছেন ডিলার হাবিবুর রহমান। তবে ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধের বিষয়টি সামনে এনেছেন তিনি। হাবিবুর রহমানের অভিযোগ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম নতুন ডিলারশিপের আবেদন করেও পাননি। ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ভাই মাইনুল হক। এ নিয়ে ক্ষোভ থেকে পরিস্থিতি ঘোলাটে করতে মাহফুজুর রহমান ডালিম কৃষকদের দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে হাবিবুর রহমানের এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মাহফুজুর রহমান ডালিম। তিনি বলেন, ‘আমিই কৃষকদের শান্ত করতে গিয়ে গালাগাল শুনলাম, ধাক্কা খেলাম, লাঞ্ছিত হলাম। আর আমার কথা বলছে?’ তার দাবি, সেখানে কয়েকশো কৃষক বিক্ষোভ করেছেন এবং পরিস্থিতি ভয়াবহ ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের বক্তব্য

ঘটনার বিষয়ে ইউএনও ইসরাত জাহান গণমাধ্যমকে বলেন, প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল। এতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের শান্ত করেন। কৃষকদের কিছু অভিযোগ ছিল। সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, চাষাবাদ শুরু করা কৃষকদের তালিকা প্রশাসনের কাছে রয়েছে। সেই তালিকা অনুযায়ী সবাইকে সার সরবরাহ করা হবে। প্রশাসনের আশ্বাসের পর কৃষকেরা অবরোধ তুলে নেন।