
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চুরির অপবাদে মো: ফারুক হোসেন নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই যুবকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী। এ সময় স্থানীয়রা নিহত যুবকের লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নিহত যুবকের মা ওয়েদা বেগম, ভাই সুলতান মিয়া, মেয়ে সিনহা আক্তার, ভাবি শাহানাজ বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় আমিনুল ভেন্ডার ও তার ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে তাকে আটকে রাখা হয়। এক পর্যায়ে চুরির অপবাদ দিয়ে জনসম্মুখে তাকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি গুরুতর আহত ও সংজ্ঞাহীন হয়ে পড়েন।
পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে তিনি মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার রাতে তার লাশ বাড়িতে আনা হয়। সোমবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কের ললাটি এলাকায় নিহতের লাশ রেখে খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, শত শত মানুষের সামনে ফারুককে চোর আখ্যা দিয়ে অমিত হাসান ও তার মামা আমিনুল ভেন্ডার নির্মমভাবে পিটিয়ে আহত করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জানান, হামলার ঘটনায় আগেই নিহতের মা মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের মৃত্যুর পর হামলা মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবার ও এলাকাবাসীকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং দাফন সম্পন্ন করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








