চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলন্ত ভ্যানে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে রিফাত নামে এক মাস ১০ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুড়পালা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রিফাত বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মুস্তাফিজুর রহমান ও রিয়া বেগম দম্পতির একমাত্র সন্তান।

শিশুটির নানা কোটালীপাড়ার পূর্ণবতী গ্রামের ইলিয়াস হোসেন জানান, অসুস্থ রিফাতকে চিকিৎসার জন্য তার মা ঘাঘর বাজারে নিয়ে যায়। চিকিৎসা শেষে ভ্যানে করে নানাবাড়িতে ফিরছিলেন তারা। পথে চলন্ত ভ্যানের চাকায় রিয়া বেগমের বোরকা পেঁচিয়ে গেলে শিশুসহ তিনি সড়কে ছিটকে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রিফাতকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক তন্ময় বাড়ৈ জানান, সড়কে পড়ে শিশুটির মাথায় আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়।