বেনাপোল স্থলবন্দর, আমদানি, রফতানি, ভারত, বাংলাদেশ, কাস্টম হাউজ, পেট্রাপোল বন্দর
বেনাপোল স্থলবন্দর। নয়া দিগন্ত

হিন্দুদের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে। এছাড়া বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলে জানা গেছে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘সোমবার দীপাবলি উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর ব্যবহারকারীরা সকলেই ছুটিতে। এ কারণে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে পুনরায় পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি চলবে।’

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখেছেন। মূলত রোববার বিকেল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালবে।’

এদিকে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকলেও দুদেশের মধ্যে যাত্রী পারাপার এবং বেনাপোল বন্দর ও কাস্টম হাউজের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।

তিনি বলেন, ‘ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান বলেন, ‘ভারতে কালীপূজার ছুটি থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের সাথে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।’