
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশীদের মধ্যে নওগাঁর আরো পাঁচজনের লাশ দেশে ফিরছে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩ ৩৬ ফ্লাইটে লাশগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ খবরে আত্রাইয়ের স্বজনদের মধ্যে আবারো শোকের আবহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ আগস্ট ২০২৬ সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ বাংলাদেশী কর্মী নিহত হন। এর মধ্যে গত ২৭ আগস্ট নয়জনের লাশ দেশে পাঠানো হয়। বাকি লাশগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। লাশগুলো দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।
শনাক্ত হওয়া নওগাঁর পাঁচজন হলেন—নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সাথে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাথে সমন্বয় করে লাশগুলো দ্রুত দেশে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে ইউএনও আরো জানান, অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে আত্রাই উপজেলার ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। পরে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত করা হয়।
এর আগে গত ২৭ আগস্ট আত্রাই উপজেলার নিহত ১১ জনের মধ্যে সাতজনের লাশ দেশে আনা হয়েছিল। এবার আরো পাঁচজনের লাশ দেশে ফিরলে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেয়া যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








