
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ভর্তি হয়েছে ১৩৬ জন।
শুক্রবার (৩০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
মৃত রাজ হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা। সে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, সিলেট উইমেন্স মেডিক্যালে চার, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন হাম রোগী ভর্তি হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৫১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫১, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮০, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪, নর্থ ইস্ট মেডিক্যালে ছয়, পার্কভিউ মেডিক্যালে ২৭, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, মাউন্ট এডোরা হাসপাতালে দুই, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২০৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৯, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে ৭২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৩, হবিগঞ্জে ৩৩, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৭৩ জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








