
কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা মূল্যের গাঁজা, ইস্কাফ সিরাপ ও টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় নয় কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত থেকে আনুমানিক ৩০০ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১৭ বোতল ইস্কাফ সিরাপ, ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।
আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








