
পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে গরুর হাটের ইজারাদার আব্দুস সালাম ও স্থানীয় বিএনপি নেতা রিপনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের একটি ব্যবসায়িক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪) ও একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে রিপন (৩০)। আব্দুস সালাম পুষ্পপাড়া বাজারের প্রায় ২০ বছর ইজারাদার ছিলেন। রিপন তার সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের ব্যবসায়িক কার্যালয়ে বসে ছিলেন সালাম ও রিপন। এ সময় ৫-৭ সদস্যের দুর্বৃত্তদের একটি দল সেখানে ঢুকে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পালিয়ে যায়।
গুলিতে আহত সালাম ও রিপনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা বলেন, ‘৫-৭ জনের একটি দল গুলি করতে করতে সালামের কার্যালয়ে ঢোকে। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।’
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তথ্য মতে হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাদের উপরগুলি বর্ষণ করেছে। দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








