দাদা, বাবা, শিশু, হত্যা, কুপিয়ে জখম, লাশ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাদার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে তওবা (৬) নামে এক শিশুকে হত্যা করে লাশ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মুল্লা ব্রিকস ইটভাটার কাছে পরিত্যক্ত জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

আহত গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। তার বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে দাদার সাথে দেখা করে ফেরার পথে তওবা ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় শিশুটিকে হত্যা করে ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমিতে লাশ ফেলে রাখা হয়। একই ঘটনায় গোলাপকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিরাজদিখান থানার ওসি মো: আলাউদ্দিন জানান, কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। বিস্তারিত পরে জানানো হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।