জামায়াতে ইসলামী
রাজশাহীর গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর এমপি । নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো: মুজিবুর রহমান বলেছেন, ‘২৮ অক্টোবরের লগি-বৈঠার সহিংসতার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন দায়মুক্তি না পায়, আবার নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়। দেশের মানুষ এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চায়।’

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে ২৮ অক্টোবরের সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জামায়াতে ইসলামীর গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মহিশালবাড়ী থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির মো: হুমায়ুন আলীর সভাপতিত্বে সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান ২৮ অক্টোবরের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ করেন। 

তিনি বলেন, রাজনৈতিক বিরোধের সমাধান কখনো সহিংসতা হতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, ইতিহাসের বিতর্কিত ও সহিংস ঘটনাগুলোকে রাজনৈতিক স্লোগানে সীমাবদ্ধ না রেখে প্রকৃত সত্য উদ্‌ঘাটনে উদ্যোগ নিতে হবে। নিরপেক্ষ তদন্তে অপরাধ প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সাথে রাজনৈতিক মতপার্থক্য শান্তিপূর্ণভাবে প্রকাশ এবং সংঘাত পরিহারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো: কামরুজ্জামান ও জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ। 

এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভা জামায়াতের আমির আনারুল ইসলাম, জেলা মজলিসে শূরা সদস্য মুহাম্মদ শহীদুল্লাহসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশ থেকে ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।