নাটোর
বাম দিক থেকে এমপির ছেলে মিন্টু এবং ওসি আব্দুল হান্নান। নয়া দিগন্ত

নাটোরের গুরুদাসপুরে পৌর যুবদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে প্রত্যাহার করে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। 

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: ইফতেখায়ের আলম।

অফিস আদেশ নম্বর ৯৭৭-এ বলা হয়, জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নাটোর জেলায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

আদেশটিতে গত মঙ্গলবার রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ স্বাক্ষর করেন।

অপরদিকে, শাকিল ইসলাম হত্যার ঘটনায় এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুকে ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার জীবনহানির মতো গর্হিত কাজে জড়িত থাকার অভিযোগ এনে প্রাথমিক সদস্যপদ ও দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। 

নুরুজ্জামান মিন্টুর বহিষ্কারাদেশটি কেন্দ্রীয় কমিটির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষর করে গত মঙ্গলবার প্রেরণ করেন।

উল্লেখযোগ্য, গত ১৪ অক্টোবর গুরুদাসপুর পৌর যুবদলের সদস্যসচিব শাকিল ইসলামের (৩২) ওপর সন্ত্রাসী হামলার পর ২৬ অক্টোবর (সোমবার) রাত ৮টার দিকে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুকে গ্রেফতার করে ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।