
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘লুটপাটের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাত ধ্বংস করেছে।’
তিনি বলেন, ‘গ্রাম থেকে শহর, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার।’
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতাল কার্যক্রম উদ্বোধন ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। দেশের প্রতিটি হাসপাতালের শয্যাসংখ্যা ১৫১-এ উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।’
তিনি বলেন, ‘রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মোবাইল হাসপাতালের মাধ্যমে সাধারণ চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, দাঁতের চিকিৎসা, ডায়াগনস্টিক পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণের পরিকল্পনা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমানের শাসনামলে উপজেলা হাসপাতাল ১৯ শয্যায় প্রতিষ্ঠিত হয় এবং খালেদা জিয়ার সময়ে তা ৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপর আর কোনো সরকার শয্যাসংখ্যা বাড়ায়নি।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) আবু সাইদ, পুলিশ সুপার (এসপি) মো: জালাল উদ্দিন ফাহিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








