মৎস্য কর্মকর্তা, হামলা, ইলিশ, অভিযান, আহত, দুষ্কৃতিকারী
মৎস্য অভিযানে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। নয়া দিগন্ত

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের সংশ্লিষ্টদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে মৎস কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় এ ঘটনা ঘটে। জেলা মৎস্য কর্মকর্তা মো: এনামুল হক বেলা ১১টার দিকে জেলা মৎস্য কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

জানা গেছে, জেলা মৎস্য কর্মকর্তা এনামুলের নেতৃত্বে সোমবার দিবগত রাত সাড়ে ৩টার দিকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা দুষ্কৃতকারীরা তাদের গতিরোধ করে লাঠিসোঁটা ও রামদা নিয়ে হামলা চালায়। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন।

এছাড়া হামলায় তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, মাঝি মো: রেজাউল করিম, চালক মো: মোস্তফা সিকদার ও অফিস সহায়ক মো: রমজান আলী খলিফা আহত হন।

জেলা মৎস্য কর্মকর্তা এনামুল বলেন, ‘ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা চালক ও মাঝিকে মারধর করেন ও রামদা দেখিয়ে অভিযানে না আসার হুমকি দেন।’