নিখোঁজ, যুবক, লাশ উদ্ধার, পুলিশ, ভাই, আটক
মৃত যুবক আমিজ। নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের দুদিন পর আজিম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচাতো ভাইকে আটক করা হয়েছে।

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের বড় পুকুর নামক স্থানের পুকুরের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মৃত আজিম ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। এ ঘটনায় আজিমের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি মরহুম হাসেম মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নিখোঁজ হন আজিম। নিখোঁজের দিন ভোরে আটক রফিকুলের সাথে মোবাইলে তার সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকেই আজিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার রাতে রফিকুলের বাড়ির সামনে দিয়ে যাতায়াতের সময় দুর্গন্ধ পান স্থানীয়রা। পরে বাড়ির পাশের বড় পুকুরে খোঁজাখুঁজি করে ঝোঁপ থেকে আজিমের লাশ দেখতে পান তারা। খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের ঝোপ থেকে লাশটি উদ্ধার করে। 

বিজয়নগর থানার ওসি (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।