ট্রেন, বগি বিচ্ছিন্ন, রেলপথ
ট্রেনের বগির হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগির হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে গফরগাঁও-ধলা রেলওয়ে স্টেশনের কাছে বড়তলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এইচ এম বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। পরের ধলা রেলওয়ে স্টেশনের পৌঁছানোর আগে হঠাৎ দুটি বগির হুক ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিন থেকে ত ও থ বগি বিচ্ছিন্ন হয়ে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। বিষয়টি ট্রেন চালকের নজরে এলে তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এদিকে ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ওই রেলপথে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে ওই পথে চলাচলকারী অন্য ট্রেনও কিছু সময়ের জন্য বিভিন্ন স্টেশনে আটকা পড়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো: হানিফ মিয়া বলেন, ‘ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও-ধলা রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বগির হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলোর সংযোগ হুক মেরামতের জন্য রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে মেরামতের কাজ শেষ হলে ট্রেনটি পুনরায় নির্ধারিত গন্তব্য দেওয়ানগঞ্জগামী উদ্দেশে ছেড়ে যায়।’