
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে ফাতেমা (৪০) ও তার আট বছর বয়সী ছেলে রাকিবের নাম জানা গেছে। তাদের বাড়ি নেত্রকোণার মদন শিবাশ্রম এলাকায়।
ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত দুইজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








