বজ্রপাত
বান্দরবানে বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২। নয়া দিগন্ত

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে দু’জন নিহত এবং দু’জন আহত হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে একই সময়ে ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়ায় মং প্রু মার্মা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় মো: সজিব (১১) নামে দু’জনের মৃত্যু হয়। 

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া ও ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হ্লাথুই পাড়ার খিয়াংচিং মার্মা ও মাবু মার্মানীর ছেলে মং প্রু মার্মা (৪০) এবং বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেক ও বেবী আক্তারের ছেলে মো: সজিব (১১)। 

উল্লেখ্য, মং প্রু মার্মা নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি হিসেবে কর্মরত আছেন। 

আহতরা হলেন— বড়ছনখোলা এলাকার সাদ্দাম হোসেন ও আমেনা বেগমের ছেলে নুর মনু (১২) এবং শহীদুল্লাহ ও মর্জিনা বেগমের ছেলে মোহাম্মদ হানিফ (৮)। তারা চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হ্লাথুই পাড়ার বাসিন্দা হেডম্যান ঞিহ্লা মার্মা বলেন, বিকেল ৫টার দিকে মং প্রু মার্মা তার বাবাসহ বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হয়। ঘটনাস্থলেই মং প্রু মার্মা মারা যান। একই সময়ে বড়ছনখোলায় বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিহত শিশু সজিবের বাবা ছাদেক বলেন, তার বাড়ির উঠানে আরো কয়েকজন শিশুর সাথে খেলছিল সজিব। বজ্রপাতে তার ছেলেসহ আরো দুই শিশু আহত হয়। দ্রুত তাদের পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার ছেলে মো: সজিবকে মৃত ঘোষণা করেন।

লামার কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, একই সময়ে হওয়া বজ্রপাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের পৃথক দুই স্থানে দু’জন মারা গেছে এবং দুজন আহত হয়েছে। আহতরা সুস্থ আছে।