নিখোঁজ দু’জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল
নিখোঁজ দু’জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নয়া দিগন্ত

রাজধানী থেকে ঘুরতে এসে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের পদ্মায় গোসলে নেমে দু’জন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল, মাওয়া নৌ-পুলিশ, কোস্ট গার্ড নিখোঁজ দু’জনকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে।

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দু’জন হলেন— রাজধানীর খিলগাঁওয়ের শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের স্টাফ মো: মারুফ (৪০) ও মো: রাসেল (৩৫)।

বিকেলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মকর্তা ও স্টাফ গোসল করতে নদীতে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দু’জন নদীতে নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করে।

তিনি আরো জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মালেক খসরু খান নয়া দিগন্তকে জানান, রাজধানীর খিলগাঁও থেকে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের অফিস কর্মকর্তাসহ আটজনের একটি পর্যটক দল দুপুর ১টার দিকে মাওয়া পুরাতন লঞ্চঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তারা সবাই চর ধরে হেঁটে হেঁটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের পশ্চিম পাশের দিকে গোসল করতে নামেন। একপর্যায়ে রাসেল ও মারুফ নামে দু’জন পানিতে তলিয়ে নিখোঁজ হন।