গোপালগঞ্জ
গোপালগঞ্জে পুলিশকে লক্ষ্য করে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২৫। নয়া দিগন্ত

গোপালগঞ্জে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে পুলিশ সদস্যদের মারপিট ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে সোমবার (২৬ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ জানান, ঘটনার সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে টহলরত পুলিশ সদস্যদের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ আহত হন দুইজন।

পরদিন রোববার (২৫ অক্টোবর) বিকালে আহত পুলিশ পরিদর্শক মো: ফুল মিয়া বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।