
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু এলাকায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গেছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে মাওয়া চৌরাস্তা সংলগ্ন এলাকার পদ্মা রেল ব্রিজের ১৫৫/৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি দুপুরে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার সকাল ৯টার দিকে মাওয়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় পৌঁছে। এ সময় অজ্ঞাত পরিচয় এক নারী হঠাৎ ট্রেন থেকে পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ওই নারী ট্রেন থেকে লাফ দিয়েছে নাকি পড়ে গিয়েছিল, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন নয়া দিগন্তকে জানান, এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসানুর রহমান জানান, লাশ রেলওয়ে পুলিশ উদ্ধার করে ঢাকায় নিয়ে গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








