
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে আটক পাঁচজনকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) রাতে ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া ও লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক পাঁচজন হলেন— ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়ার সুজাত মিয়া (৩৭) ও মো: সিফাত (২০), গাজীপুরের মো: রুবেল মিয়া (২৭) ও নিলক্ষিয়া মির্ধাপাড়ার মো: ফুরকান হোসেন (১৯)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে ছাত্রদল নেতা আমান উল্লাহ উদয়কে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ। যার আনুমানিক মূল্য ছয় লাখ ৭৩ হাজার টাকা। এছাড়া ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোসা: ফারহানা ইয়াসমিন জানান, মাদক কারবারিতে জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








