
সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি মৌসুমে চারজন প্রাপ্তবয়স্কের পর এবার ডেঙ্গুতে ফারদিন আহমদ নামে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হওয়া ফারদিন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এই সময়ে নতুন করে আরো ৩০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এটিই চলতি মৌসুমে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে এবছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪১ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ৩০ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যালে এক, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে চার, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন ও হবিগঞ্জ সদর হাসপাতালে তিনজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৫২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, হবিগঞ্জ সদর হাসপাতালে আট, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৭৪১ জনের মধ্যে হবিগঞ্জে ৩১৩ সুনামগঞ্জে ১৭৪, সিলেটে ১৬০ এবং মৌলভীবাজারে ৬৮ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয় ফারদিনের। এর আগে গত ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাসের (৫২) মৃত্যু হয়।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট ওসমানী মেডিক্যালে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সিলেটে শনাক্ত হয়েছিলেন সাতজন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








