হাম
সিলেটের ম্যাপ। নয়া দিগন্ত

সিলেটে একদিনে হামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হাম উপসর্গে মৃত্যুবরণকারী আট মাস বয়সী শিশু সাফা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৩ জনে। টানা তিন দিনে হামে ছয় শিশুর মৃত্যু জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এই সময়ে নতুন কেউ হাম শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরো ১২২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৫২ জন।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৬, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩, নর্থ ইস্ট মেডিক্যালে চার, মাউন্ট এডোরা হাসপাতালে তিন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, কোম্পানীগঞ্জে দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয় জন হাম রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪৫২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৬, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮, নর্থ ইস্টে পাঁচ, পার্কভিউ মেডিক্যালে ১৫, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২০৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৯, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৭১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। 

সবমিলিয়ে সিলেটে ৮৩, হবিগঞ্জে ৩২, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭২ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন ভর্তি হয়েছিলেন ১২৫ জন।