
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, ‘বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। ফাসিবাদের কবর হয়েছে বাংলার মাটিতে। বর্তমান সরকার এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। এখনই সরকারের পতনের দাবি উঠতে শুরু করেছে।’
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) জেলা জামায়াতের আয়োজনে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নওগাঁ জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রকৌশলী এনামুল হক এমপি, জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার মেয়র পদে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট এ এস এম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন, নাজমুল হোসাইন, মারুফ আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলনে আগামী ২০২৭–২০২৮ কার্যকালের জন্য জেলা আমির নির্বাচনে সদস্যদের মতামত নেয়া হয়।
তিনি আরো বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দলবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ক্ষেত্রে ব্যর্থ হলে জনগণ অতীতের মতোই এই সরকারকে শিক্ষা দেবে।’
জামায়াতের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘মেধা, নৈতিকতা, যোগ্যতা ও তাকওয়ার সমন্বয়ে সমাজ পরিচালনার নেতৃত্ব দেয়ার জন্য সদস্যদের প্রস্তুতি নিতে হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








