আহত গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো: জসিম
আহত গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো: জসিম। সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় এক পুলিশ সদস্য ও স্পিডবোট চালক আহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বুড়াগৌড়াঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।

আহত গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো: জসিম ও স্পিডবোট চালক মো: শাহজালালকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেতুলিয়া ও বুড়াগৌড়াঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেল থেকে ট্রলার ও স্পিডবোট নিয়ে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালায়। সন্ধ্যার দিকে রতনদী তালতলী এলাকায় বুড়াগৌড়াঙ্গ নদীতে একটি ট্রালারে ১০-১২ জন জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিল।

তারা নদীতে জাল ফেলে কোথাও লুকিয়ে ছিল। অভিযানকারীরা জালগুলো উদ্ধারের সময় হঠাৎ করে দ্রুতগতির একটি ট্রলার উল্টো দিক থেকে এসে কোনো কিছু বুঝার আগেই বৈঠা দিয়ে হামলা চালায়। হামলায় পুলিশ সদস্য মো: জসিম ও স্পিডবোট চালক মো: শাহজালাল আহত হন।

এ বিষয়ে গলাচিপা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সন্ধ্যা হওয়ায় হামলাকারীদের শনাক্ত করা যায়নি। আহত একজন পুলিশ সদস্য ও স্পিডবোট চালককে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।