
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘লং মার্চ বা আন্দোলন কর্মসূচি বাদ দিয়ে সংসদে এসে আলোচনা করুন।’
তিনি বলেন, ‘সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে আপনারা পাঁচজন প্রতিনিধির নাম দিন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত না হয়ে খোঁড়া যুক্তি দাঁড় করিয়েছেন বলে মন্তব্য করেছেন মীর শাহে আলম।
তিনি বলেন, ‘যারা জুলাই-আগস্ট নিয়ে সারাদিন রাজনীতি করতে চান, তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থেকে ধোঁকাবাজির পরিচয় দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘১৯ অক্টোবর ওসমানী উদ্যানে সরকারের পক্ষ থেকে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে সকল সমমনা, সহযোগী ও জোটের রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত দেয়া হয়েছিল।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ মীর মুগ্ধ ও শহীদ আবু সাঈদ পরিবারের সদস্য, শহীদ আনাসের বাবা ও এক শহীদের মাকে সাথে নিয়ে স্মৃতিস্তম্ভ ও দীর্ঘ ১০ বছর পর ওসমানী উদ্যানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অথচ জুলাই নিয়ে যারা সারাদিন কথা বলেন, সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে সম্পৃক্তরা অনুষ্ঠানে উপস্থিত হননি।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের এই একমাত্র শহীদ স্মৃতিস্তম্ভে গ্যাজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম লেখা রয়েছে।’
মীর শাহে আলম বলেন, ‘দাওয়াত কার্ডে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় তারা যাননি বলে যে যুক্তি দেয়া হয়েছে, তা সঠিক নয়। বিরোধী দল উপস্থিত হলে মানবিক প্রধানমন্ত্রী তাদের প্রতিনিধিকেও মঞ্চে ডেকে নিতেন।’
পরে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিভাবান শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








