
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ময়লার ভাগার ও বর্জ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিলে ভেকুর কাজে ব্যবহৃত ৮০০ লিটার সরকারি তেল পাচারকালে এক ট্রাকচালককে আটক করা হয়েছে। এ সময় তেল ও পাচারের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
আটক ট্রাকচালকের নাম আল-আমিন (৩৪)। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মরহুম সুলতান হাওলাদারের ছেলে। রাজধানীর মিরপুর-১-এর গোদারঘাট এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন তিনি। পাশাপাশি তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডাম্পিং ট্রাকের ড্রাইভার ছিলেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই আসাদুজ্জামান নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় পুলিশ নিয়মিত তল্লাশি পরিচালনা করছিল। এ সময় একটি ট্রাক ৪০ কন্টেইনারবোঝাই করে ৮০০ লিটার ডিজেল নিয়ে রাজধানীর দিকে যাচ্ছিল। পরে পুলিশ তল্লাশি চালিয়ে পাচারকৃত তেল ও ট্রাক জব্দ করে। এছাড়া ঘটনার সাথে জড়িত ট্রাকচালক ও উদ্ধার হওয়া তেল থানা হেফাজতে নেয়া হয়।
পুলিশের একটি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন তেল পাচারের বিষয়টি স্বীকার করেছে। সে আমিনবাজারের ল্যান্ডফিল থেকে সরকারি তেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চোরাই তেল চক্রের কাছে যাচ্ছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








