
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনাকালে লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও মাওয়া নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের পদ্মা স্টেশনের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিমের অভিযানে ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
এ সময় অবৈধভাবে ইলিশ আহরণের দায়ে তিন জনকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: রেজাউল ইসলাম নয়াদিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন ও উপজেলার পদ্মা নদীতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ জেলেকে হাতেনাতে আটকসহ নদীতে পাতানো ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও জাল থেকে পাওয়া ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। একই সাথে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অন্যদিকে অবৈধভাবে ইলিশ আহরণের দায়ে আটককৃত তিন জনকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: রেজাউল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান কার্যক্রম আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








