
গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ তাদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা আক্তারও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন— ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়ার মান্নাছ আলীর ছেলে লাল চান মিয়া (৬০) ও তার স্ত্রী নাসিমা বেগম (৫০)। তারা গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়ির সবুজের বাড়িতে ভাড়া থাকতেন। লাল চান মিয়া মজুমদার গার্মেন্টসে চাকরি করতেন। তার স্ত্রীও চাকরিজীবী ছিলেন। তাদের মেয়ে তানিশা শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই বাসায় রান্নার প্রস্তুতির সময় গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটলে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হন। তাদের শরীরের বড় একটি অংশ পুড়ে যায়।
পরে প্রতিবেশীরা দগ্ধ তিনজনকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে লাল চান মিয়া ও নাসিমার মৃত্যু হয়। তাদের মেয়ের শরীরের প্রায় ৮৫ থেকে ৮৬ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থাও অত্যন্ত সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তাদের মেয়ে এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দম্পতির লাশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








