লাইনচ্যুত
কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু। নয়া দিগন্ত

কুমিল্লার লাকসামের আজগরা এলাকায় লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়েছে দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর। এ ঘটনায় গাফিলতির অভিযোগে রেলপথের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো: গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) উদ্ধারকাজ পরিদর্শনে এসে তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ এ তথ্য জানান।

এর আগে বুধবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই চালক ট্রেনটি থামিয়ে দেন।

দুর্ঘটনার বিষয়ে ট্রেনটির চালক মোয়াজ্জেম হোসেন বলেন, রেলপথে সংস্কারকাজ চলছিল, তবে এ বিষয়ে আগে থেকে তাদের জানানো হয়নি। ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা কম হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় ঢাকামুখী আপলাইন ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ হলেও বিকল্প লাইন সচল থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প লাইনে ট্রেন চলাচল অব্যাহত রেখে দ্রুত ক্ষতিগ্রস্ত লাইন সচল করার কাজ চলছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখবে।