অস্ত্রসহ আটক যুবক
অস্ত্রসহ আটক যুবক। সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় পুলিশের পৃথক দু’টি অভিযানে তিনটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশিকুর রহমান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মরহুম সিদ্দিক মিয়ার ছেলে। পরে তার দু’টি ঘরে তল্লাশি চালিয়ে দু’টি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এর আগে, গত ১৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মরজাল-বাঘমারা ব্রিজ এলাকায় স্থাপিত পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় বিজয় মিয়া (২৫) ও জুম্মান মিয়া (১৯) নামে আরো দু’জনকে আটক করা হয়।

বিজয় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আর জুম্মান রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, একটি মোটরসাইকেলে করে বিজয় ও জুম্মান উত্তর বাখরনগর থেকে মরজাল বাজারের দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ১০টার দিকে মরজাল-বাঘমারা ব্রিজ এলাকায় পুলিশের চেকপোস্টে তাদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বিজয়ের কোমর থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

পৃথক দু’টি ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, চলতি অক্টোবর মাসে রায়পুরা থানা পুলিশ ১৩টি মাদক মামলায় ১০৩ কেজি গাঁজা ও ৪০৩ পিস ইয়াবা উদ্ধার করেছে। এছাড়া পৃথক অভিযানে তিনটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ও পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম উপস্থিত ছিলেন।