
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র বা ওয়ান শুটার গানসহ মো: ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার মোহনপুর ইউনিয়নের চর ওয়েস্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফরহাদ হোসেন মোহনপুর ইউনিয়নের চর ওয়েস্টার (ছৈয়াল বাড়ি) এলাকার মরহুম আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চর ওয়েস্টার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফরহাদ হোসেনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








