
সিলেটে একদিন মৃত্যুহীন থাকার পর হামের উপসর্গে আট মাস বয়সী সিহাব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরো ১৩২ জন।
বুধবার (২১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
মৃত সিহাব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৩, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৫, রাগিব রাবেয়া মেডিক্যালে পাঁচ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন হাম রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৪২৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৫, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪, নর্থ ইস্টে পাঁচ, পার্কভিউ মেডিক্যালে ২১, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, গোলাপগঞ্জ দুই, ফেঞ্চুগঞ্জে দুই, কোম্পানীগঞ্জে তিন, বিয়ানীবাজারে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৭, হবিগঞ্জে ২৭, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮১, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে কারো মৃত্যু না হলেও নতুন ভর্তি হয়েছিল ১১৮ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








