
সিলেটে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় অভিযুক্ত ছাব্বির আহমদকে (২৩) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। একই সময় ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছাব্বিরকে আটক ও শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
আটক ছাব্বির বালাগঞ্জ উপজেলার কায়েস্তগাঁও হাড়িয়ারগাঁও এলাকার গেন্দু মিয়ার ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ থানা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীর সাথে ছাব্বিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ আগস্ট রাতে ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তার মা। সন্ধান না পেয়ে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে ছাব্বির ওই শিক্ষার্থীকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন বলে জানতে পেরে তার বিরুদ্ধে মামলা করেন শিক্ষার্থীর মা।
মঙ্গলবার (২০ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ছাব্বির ও উদ্ধার হওয়া শিক্ষার্থীকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








