সাংবাদিক আলিফ হত্যা মামলার আসামি ফের ৪ দিনের রিমান্ডে
গ্রেফতার হওয়া আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব। সংগৃহীত

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলার গ্রেফতার হওয়া আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে (২৮) আরো অধিক জিজ্ঞাসাবাদের জন্য আবারো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক দিনের রিমান্ড শেষে দুর্গাপুর চৌকি আদালতে অপূর্বকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল আমিন ভূইয়া চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ সেনাবাহিনীর সাবেক সদস্য। বেসরকারি আইপি টিভি রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি সীমান্তের কালোবাজারী, চোরাচালান মাফিয়া চক্রের নানান অপরাধ নিয়ে লেখালেখি করতেন। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিরিশিরিতে তেলুঞ্জিয়া বাজারের একটি মুদির দোকানে বসাছিলেন আলিফ। এমন সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পিস্তল দিয়ে পর পর পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতের ঘটনাস্থলেই আলিফের মৃত্যু হয়। শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টার দিকে দুর্গাপুর পৌর এলাকার মধ্যবাজার থেকে আটক করা হয় অপূর্বকে। সে পৌর এলাকার উকিল পাড়ার শমশের আলীর ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, আলিফ হত্যা মামলার আসামি অপূর্বের এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

তিনি জানান, হত্যকাণ্ডের সময় অন্যান্যদের সাথে ঘটনাস্থলে অপূর্ব উপস্থিত ছিলেন। অস্ত্র রাখার ব্যাগটি অপূর্বের কাছেই গচ্ছিত ছিল।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে অপূর্ব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, কিন্তু তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। আশা করছি আরো গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।