
ঢাকার সাভারে অটোরিকশা ছিনতাই করতে নুরুজ্জামান নামে এক চালককে গলায় রশি প্যাঁচিয়ে হত্যার চেষ্টার সময় তিন অভিযুক্তকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটক তিন অভিযুক্ত ফাসিদ, সিয়াম ও ওহিদুল ইসলাম রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে তিন অভিযুক্ত ছিনতাইকারী গাবতলী থেকে তিনি ছিনতাইকারী ভিকটিমের অটোরিকশায় ওঠেন। বেড়িবাঁধ এলাকায় আসার পর তারা চালককে বলিয়ারপুর যেতে বলেন। পরে বলিয়ারপুরের ভাঙ্গাব্রিজ এলাকায় আসলে অভিযুক্তদের একজন হত্যার উদ্দেশ্যে ভিকটিমের গলায় রশি প্যাঁচিয়ে ধরে এবং অন্য দুইজন তার হাত-পায়ে রশি প্যাঁচাতে থাকে। এ সময় ভিকটিম ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করলে টহল পুলিশের সদস্যরা তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে হাতেনাতে আটক করে।
আটক তিন অভিযুক্ত সাভার মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের ও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির আল হাসান জানান, ‘আর দুই মিনিট পর গেলেই অভিযুক্তরা ভুক্তভোগীকে হত্যা করে ফেলত। পুলিশের দ্রুত অভিযানে ভুক্তভোগী প্রাণে রক্ষা পান। পুলিশ ঘটনাস্থল থেকে তিন অভিযুক্তকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








