শিশু
সড়ক দুর্ঘটনা। নয়া দিগন্ত

কক্সবাজারের মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় আফরিন (৪) নামে এক শিশু পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাই আইয়ান গুরুতর আহত হয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আদিনাথ মন্দির সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আফরিন নরসিংদীর পলাশ উপজেলার আল আমিনের মেয়ে। 

জানা যায়, নরসিংদী জেলা থেকে ১১ সদস্যের একটি পরিবার মহেশখালী ভ্রমণে আসে। মঙ্গলবার সকালে গোরকঘাটা জেটিঘাট হয়ে তারা আদিনাথ জেটিঘাট এলাকায় পৌঁছান। আদিনাথের দৃষ্টিনন্দন এলাকায় ছবি তোলার সময় পেছন থেকে একটি টমটম গাড়ি শিশুদের ওপর তুলে দেয়।

এতে ঘটনাস্থলেই শিশু আফরিন নিহত হয় এবং তার ভাই আইয়ান গুরুতর আহত হয়।

নিহত আফরিনের লাশ এবং আহত ভাইসহ পরিবারের সদস্যরা বর্তমানে মহেশখালী হাসপাতালে রয়েছেন। 

নিহতের বাবা আল আমিন জানান, ছবি তোলার সময় দুর্ঘটনাটি ঘটে।

অভিযুক্ত টমটম চালকের নাম তাকিন। সে গোরকঘাটা জেটিঘাট সিরিয়ালের নিয়মিত চালক এবং মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়াপাড়া এলাকার আজমের ছেলে।

এ বিষয়ে মহেশখালী থানার এসআই সেলিম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।