
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণে উপজেলা মৎস্য কর্মকর্তা ও মাওয়া নৌ-পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযানে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে লৌহজং উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো: রেজাউল ইসলাম নয়া দিগন্তকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মালেক খসরু খান জানান, সোমবার দিনভর লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা ও মাওয়া নৌ পুলিশের সমন্বয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানা এলাকার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে পাতানো মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসাথে জব্দ মাছ স্থানীয় এতিমখানা মাদরাসায় দেয়া হয়।
উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জালের ব্যবহার বন্ধে নদীপথে অসাধু জেলেদের বিরুদ্ধে এমন সমন্বিত তদারকি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








