সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া
সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া। নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী সংবাদ প্রকাশের জেরে মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়া নামে এক সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

Advertisement

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে তার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

এ সময় মূল অভিযুক্ত আব্দুল আহাদ নামে এক মাদককারবারিকে ধাওয়া দিয়ে আটক করেন স্থানীয়রা। তিনি স্থানীয় চৌধুরী পাড়া গ্রামের মো: ইউসুফ ভূঁইয়ার ছেলে।

আহত সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া জাতীয় ‘দৈনিক সংবাদ’ পত্রিকার দোয়ারাবাজার উপজেলা সংবাদদাতা ও উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পর আহত সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়াকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে আহত ওই সাংবাদিককে দেখেতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক  দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার সবচেয়ে বড় মাদক ও চোরাচালান সিন্ডিকেটের হোতা আব্দুল আহাদ ভূঁইয়া। বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন সীমান্ত দিয়ে তিনি ভারত থেকে ইয়াবা, ফেনসিডিল, অস্ত্রসহ বিভিন্ন মাদক ও চোরাই পণ্য পাচার করে থাকেন। এসব সিন্ডিকেট পরিচালনায় এলাকায় তার একটি শক্তিশালী গ্রুপ রয়েছে।

আব্দুল আহাদ ভূঁইয়ার অবৈধকাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনেক সময় সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া। এতেই ক্ষোভে ফুঁসে ওঠেন মাদককারবারি আব্দুল আহাদ। এর আগেও একাধিকবার ওই সাংবাদিকদের স্থানীয় অফিসে ঢুকে তার ওপর হামলা করেন তিনি। এসব বিষয়ে তার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক আব্দুল মোতালিব।

রোববার সন্ধ্যায় সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া হকনগর বাজারস্থ তার অফিসে বসে ছিলেন। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে এবং শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ওই সাংবাদিকের ওপর হামলা করা হয়। এ সময় সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়ার ডান হাতের কবজি কেটে যায়, বাম হাতে গুরুতর কাটাযুক্ত জখমসহ গলা, কোমড় ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতে ছিদ্রযুক্ত জখম হয়।

ঘটনার খবর পেয়ে মাদককারবারি আব্দুল আহাদকে ধাওয়া দিয়ে আটক করেন এলাকাবাসী। পরে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারের সাথে জড়িত থাকাসহ সীমান্তে সকল অপরাধের মূলহোতা আব্দুল আহাদ। অবৈধ কাজে জড়িত থাকায় মাদক, চোরাচালান, অস্ত্রসহ সীমান্তে অপরাধের একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তবুও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়তো বেপরোয়াভাবে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে অভিযুক্ত আব্দুল আহাদ।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা আটক করে রশি দিয়ে বেঁধে রেখে অভিযুক্ত আব্দুল আহাদকে পুলিশের সোপর্দ করে।

স্থানীয়দের দাবি, আহাদ ভূঁইয়ার বিরুদ্ধে মাদক কারবার ও সীমান্তকেন্দ্রিক বিভিন্ন  অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। 

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।