পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

নাটোরের লালপুরে খালুর বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তামিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তামিম উপজেলার বিরোপাড়া গ্রামের মো: মিঠুনের ছেলে।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু তামিম বিলমাড়িয়া গ্রামে তার খালু মো: রহমান বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে বিলমারিয়া বাজারের পার্শ্ববর্তী পদ্মা নদীর ঘাটে গোসল করতে গিয়ে ঘাট থেকে নদীতে লাফ দিয়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় ঘাটে উপস্থিত লোকজন তাৎক্ষণিক চিৎকার করে তাকে খোঁজাখুঁজি শুরু করে।

পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। লাশ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাশঘরে রাখা আছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।