
চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি) পরিচয়ে তুলে নেয়ার দুইদিন পরও খোঁজ মেলেনি মোহাম্মদ এহসান (হাসান) নামে এক অপহৃত ব্যবসায়ীর।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটে পুঁইছড়ি প্রেমবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আবদুল্লাহ এন্টারপ্রাইজ থেকে চারজন ব্যক্তি এসআরবি পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়।
এহসান বাঁশখালীর পুঁইছড়ি ইউপির ২ নম্বর ওয়ার্ডের হাজী নুরুল কবিরের ছেলে।
সেসময়কার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এসআরবির পোশাক (ভূয়া) পরিহিত দুইজন ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে এহসানকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছেন। তারা মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরিহিত ছিলেন। এসময় এদের বাকী দুইজন সদস্য বাইরে অবস্থান করছিলেন। তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে দক্ষিণে পেকুয়া চকরিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মিথ্যা পরিচয় ব্যবহার করে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার দুইদিন পরও কোনো খোঁজ না মেলায় তার পরিবার ও এলাকাবাসীর মাঝে উদ্বেগ, উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। তারা তাদের স্বজনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ‘অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে শুধু থানা নয়, জেলা পুলিশের বিশেষজ্ঞ টিম সমন্বিতভাবে কাজ করছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করাতেই আমরা ফোকাস করছি।’
এসআরবি চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, ‘এসআরবির পরিচয় ব্যবহার করে ব্যবসায়ীকে তুলে নেয়া ব্যক্তিরা এসআরবির সদস্য নন। বিষয়টি নিয়ে আমরাও তদন্ত করছি। প্রকৃত ঘটনা উদঘাটন হলে জানানো হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








